Agaminews
Dr. Neem Hakim

সরকার ২০ হাজার কোটি টাকায় ইসলামি ব্যাংক একীভূত করবে


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ১:১৮ অপরাহ্ন /
সরকার ২০ হাজার কোটি টাকায় ইসলামি ব্যাংক একীভূত করবে

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে সম্মতি দিয়েছে সরকারও। পাঁচটি ব্যাংক একীভূত করে একটি নতুন ইসলামি ব্যাংক গঠন করা হবে, যার প্রাথমিক মূলধন হবে ২০ হাজার ২০০ কোটি টাকা। নতুন ব্যাংকের মোট মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যা দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা পাবে।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে চারটি ব্যাংক ছিল এস আলমের মালিকানাধীন, আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার।

পাঁচ ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম শেষ করতে সরকার এক থেকে দেড় মাস সময় নেবে। সময়ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংক একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে। কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংককে নিয়ে শুনানি করেছে। তিনটি ব্যাংক বিনা বাক্যে একীভূত হতে সম্মত হয়—ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সময় চেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দেশি–বিদেশি নিরীক্ষকদের প্রতিবেদন উপস্থাপন করে জানানো হয়েছে, একীভূত হওয়া ছাড়া এই ব্যাংকগুলোর বিকল্প নেই।

নতুন ব্যাংকের অনুমোদন বাংলাদেশ ব্যাংক দেবে। এই ব্যাংকের সম্পদ ও দায় পাঁচ ব্যাংকের অধীনে চলে আসবে। সরকার মুনাফা শুরু হলে শেয়ার বেসরকারি খাতে ছাড়ার পরিকল্পনা করছে। বড় আমানতকারীদের শেয়ার গ্রহণের প্রস্তাব দেওয়া হবে, আর ছোট আমানতকারীরা চাইলে টাকা তুলে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করেন, এতে গ্রাহকদের আস্থা ফিরবে।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক একীভূত হবেই, এতে আতঙ্কের কিছু নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমানতকারীদের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে।’