লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ, রাষ্ট্রীয় সহযোগিতা কামনা

বিনোদন প্রতিবেদক
প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীন এর সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও উনাকে আইসিইউতে নেয়া হয়েছে। প্রিয় শিল্পীর অসুস্থতার খবর জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম। তিনি বলেন, “ফরিদা কে তো প্রায়ই ডায়ালাইসিস করতে হয়, এবার পরপর তিনদিন করতে হয়েছে। ডায়ালাইসিস করতে গিয়ে যখন অসুবিধা হয়, তখন তাকে আইসিইউতে নেওয়া হয়। এ নিয়ে মোট তিনবার আইসিউতে ভর্তি করা হলো। তিনি বলেন ফরিদা শুধু কিডনি সমস্যাই ভুগছেন না, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ও ভুগছেন।
ফরিদা পারভীনের পরিবার-পরিজনের ইচ্ছে বিদেশে নিয়ে এই গুণী শিল্পীর উন্নত চিকিৎসা করতে। স্বামী আবদুল হাকিম বলেন, “আমাদের চাওয়া ফরিদা পারভীন কে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানো হোক। তিনি আরো বলেন, উনি কি শুধু কারো মা,কারো স্ত্রী? উনি তো জাতীয় সম্পদ। আমরা অর্থ সাহায্য চাই না, চাই তার চিকিৎসাটা যেন ভালো হয়। এজন্য সরকারি ভাবে বিদেশে চিকিৎসার উদ্যোগ নেওয়া হোক”।
উল্লেখ্য যে,চলতি বছরের ফেব্রুয়ারিতে টানা ১৩ দিন হাসপাতালের আইসিইউতে ছিলেন ফরিদা পারভীন, তখন শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন।সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ইং-এ জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার ও পান তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী আর সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে ছিলেন ১৯৯৩ সালে। ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’।কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটি ও টিকে থাকার লড়াইয়ে জর্জরিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *