রিয়াল মাদ্রিদে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চুক্তি নবায়ন নিয়ে তৈরি হওয়া জটিলতা নতুন করে প্রশ্ন তুলেছে তার ভবিষ্যৎ নিয়ে। বিশাল বেতন ও মোটা অঙ্কের বোনাসের দাবি জানানোয় ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এখন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ভিনির দাবি যদি পূরণ করা হয়, তাহলে দলটির সামগ্রিক বেতন কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। গোলডটকম
এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তো জানিয়েছে, ভিনির সঙ্গে চুক্তি নিয়ে জটিলতা বাড়লে রদ্রিগোর সম্ভাব্য বিক্রির সিদ্ধান্ত স্থগিত হতে পারে। যদিও রিয়াল মাদ্রিদ মূলত রদ্রিগোকেই বিক্রির পক্ষে, তবে পরিস্থিতির মোড় ঘুরে গেলে তিনিই হয়ে উঠতে পারেন লাভবান।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রদ্রিগো এখন পর্যন্ত বেশি সুযোগ পাননি। ছয় ম্যাচে খেলেছেন মাত্র ৯২ মিনিট, যার মধ্যে তিন ম্যাচে ছিলেন বেঞ্চে। তবুও রদ্রিগো বার্নাব্যুতেই থাকতে আগ্রহী। যদি ভিনি ক্লাব ছাড়েন, তাহলে মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো হবে তার জন্য।
রদ্রিগোর বর্তমান চুক্তির মেয়াদ ভিনিসিয়ুসের তুলনায় এক বছর বেশি। তবে তাকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বাজারে তোলা হয়েছে। ইউরোপের বড় ক্লাবগুলো ইতোমধ্যে আগ্রহ দেখাচ্ছে, যার মধ্যে আর্সেনাল এগিয়ে থাকলেও লিভারপুলও আলোচনায় রয়েছে।
একইসঙ্গে গুজব বলছে, ভারসাম্য রক্ষায় কোচ আলোনসোt এমবাপ্পে কিংবা ভিনি একজনকে বেঞ্চে রাখার কৌশল নিতে পারেন, যা রদ্রিগোর জন্য হতে পারে সুযোগের দরজা খুলে যাওয়ার মতো। তবে সবকিছু নির্ভর করছে ক্লাব ও খেলোয়াড়দের মধ্যকার আলোচনার ফলাফলের ওপর।
ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও পরিস্থিতি দ্রুত না বদলালে রিয়াল মাদ্রিদ হয়তো তাকে এই গ্রীষ্মেই বিক্রির সিদ্ধান্ত নিতে পারে।












Leave a Reply