Agaminews
Dr. Neem Hakim

রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন /
রাজশাহীতে পাইলট তৌকিরের দাফন সম্পন্ন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(২২ জুলাই) বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা। এর আগে ঢাকায় তার প্রথম জানাযা সম্পন্ন হয়। বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ছিলেন তিনি।

নিহত তৌকিরের মামা রফিকুল ইসলাম বলেন, সোমবার মৃত্যুর খবর শোনার পর তৌকিরের পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে তার লাশ রাজশাহীতে নেওয়া হয়। দ্বিতীয় দফায় রাজশাহী উপশহর ঈদগাহ মাঠে তার জানাজা হয়। এরপর বিকালে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি আরও জানান, তৌকিরের মৃত্যুতে শোকের আবহ পুরো রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।

এর আগে বিকেল ৩টায় পাইলট তৌকিরের মরদেহ ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলটকে উপশহর ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয়। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনরা নিহত পাইলট তৌকিরের জীবদ্দশার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

নিহত তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাটে। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।