Agaminews
Dr. Neem Hakim

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালাবে এনসিপি: নাহিদ ইসলাম


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন /
মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালাবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপিকে হামলা-মামলা দিয়ে দমন করা যাবে না। তিনি বলেন, ‘দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে।’

আজ (শুক্রবার, ১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ এসব কথা বলেন তিনি। এসময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরও ১০টা জায়গায় হামলা চালানো হলেও আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরূপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা থামবো না।

তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা সচেতন হন। গণঅভ্যুত্থানে আপনার সন্তান জীবন দিয়েছে। আপনাদের কথা বলতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা সরব হন। প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সব অধিকার এবং মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরব। দেখা হবে নতুন বাংলাদেশে।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে আমরা প্রবাসীদের ভোটাধিকারের কথা বলছি। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ।

পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সংস্কার কোনো দলের পক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে। আমরা নেতা নয়, নীতি-নির্ভর দেশ চাই। নেতা বা দল কেউই ভুলের ঊর্ধ্বে নয়।’

এর আগে, জুলাইয় পদযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে শুক্রবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। প্রথমে তারা মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে জড়ো হন, পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে মুন্সীগঞ্জ সুপারমার্কেট চত্বর এলাকার কৃষি ব্যাংকের সামনে সমাবেশস্থলে জড়ো হন।