Agaminews
Dr. Neem Hakim

মানিকগঞ্জ সদর কৃষ্ণপুরে ভাঙা ব্রিজ এখন মরণ ফাঁদ


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন /
মানিকগঞ্জ সদর কৃষ্ণপুরে ভাঙা ব্রিজ এখন মরণ ফাঁদ

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর-উত্তরপাড়া গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা সেই পুরনো ব্রিজটি এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করছে। স্থানীয়দের আশঙ্কা—এমন ভয়াবহ মুমূর্ষু ব্রিজ থেকে যেকোনো মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ২০১১ সালে ‘ত্রাণ ও দুর্যোগ’ মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজটি নির্মিত হয়। কিন্তু ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ব্রিজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ধীরে ধীরে ভাঙতে শুরু করলেও আজ পর্যন্ত কোনো সংস্কার বা পুনর্নির্মাণ হয়নি। বর্তমানে ব্রিজটির এক পাশ থেকে আরেক পাশ প্রায় পাঁচ হাত নিচে ডেবে গেছে। ফলে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটার শঙ্কা দেখা দিয়েছে।

কৃষ্ণপুর-উত্তরপাড়া গ্রামের মানুষের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজিবপুর স্কুল ও কলেজ, ইউনিয়ন পরিষদ এবং সদর শহরে যাতায়াতের জন্য এটাই একমাত্র পথ। বিকল্প কোনো রাস্তা না থাকায় গ্রামবাসীরা প্রতিদিন বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে আমরা বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।”

অত্যন্ত জরুরি ভিত্তিতে কৃষ্ণপুর ব্রিজটির সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।