
পলাশ দাস, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনে (বাফা) বাণিজ্য মন্ত্রণালয় নিযুক্ত প্রশাসককে অবিলম্বে অপসারণ এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সদস্যরা।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এছাড়া সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রতিবাদ কর্মসূচি এবং কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বাফার সাবেক সভাপতি কবির আহমেদ, সাধারণ সদস্য বেলায়েত, কামাল আহমেদ, আজিজুর রহমান মজুমদার, নুরুদ্দীন, জন এন মন্ডল, সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বাফা দেশের আমদানি-রপ্তানির প্রায় শতভাগ কার্যক্রম পরিচালনা করে এবং এর ১ হাজার ১৮৮ সদস্য কাস্টমস, বন্দর, বাংলাদেশ ব্যাংক, শিপিং লাইন ও এয়ারলাইন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। জুন মাসে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে একজন প্রশাসক নিয়োগ দেয়, যা সংগঠন ও পুরো খাতের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয়।
তাদের অভিযোগ, ৭০ দিন পেরিয়ে গেলেও নির্বাচন তফসিল ঘোষণা করা হয়নি। বরং দায়িত্ব গ্রহণের পর প্রশাসক দীর্ঘ সময় বিদেশে ছিলেন এবং তার এখতিয়ার বহির্ভূত কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
সদস্যরা বলেন, অগ্রিম আয়কর, টার্নওভার ট্যাক্স, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ও হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি, আইজি/ইজিএম জটিলতা—এসব সংকটে একটি দক্ষ নেতৃত্ব প্রয়োজন, কিন্তু একজন অদক্ষ প্রশাসকের মাধ্যমে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তারা আরও বলেন, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী পরিচালনা পর্ষদ বিলুপ্তির পূর্বে লিখিত নোটিশ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেটি লঙ্ঘন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :