
মোঃ বজলুর রহমান
গাজীপুরে দুই সাংবাদিক—আসাদুজ্জামান তুহিন ও আনোয়ার হোসেন—কে নির্মমভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সারাদেশে। এরই অংশ হিসেবে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, কালো ব্যাজ ও ব্যানারে লেখা ছিল— “সাংবাদিক হত্যার বিচার চাই”, “নিরাপদ কর্মপরিবেশ চাই”, “সাংবাদিক হত্যা বন্ধ কর” ইত্যাদি স্লোগান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ আজহার হোসেন। তিনি বলেন—“সাংবাদিকদের ওপর এ ধরনের নৃশংস হামলা দেশের গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক বড় হুমকি। পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের রক্ত ঝরতে পারে না। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার, দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হারুন অর রশিদ বলেন—
“আজ তুহিন ও আনোয়ার নিহত হয়েছে, কাল হয়তো অন্য কোনো সাংবাদিক হতে পারে। আমরা আর কোনো হত্যাকাণ্ডের বিচারবহির্ভূত সমাপ্তি দেখতে চাই না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। তাই দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—কোষাধ্যক্ষ সাংবাদিক দেওয়ান শাহ আলম, সদস্য সাংবাদিক মোঃ সুমন আহমেদ, মোঃ জাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম লিটন এবং সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল খালেক।
বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ, আর দর্পণ ভাঙা মানে গণতন্ত্রকে ধ্বংস করা। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে সত্য ও সাহসী সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে শপথ করেন—
“আমরা সাংবাদিক হত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ বজলুর রহমান।
আপনার মতামত লিখুন :