
বাজিতপুর প্রতিনিধি
সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর এই দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাজিতপুর উপজেলা ও কলেজ শাখা।
পরীক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বাজিতপুর সরকারি কলেজ কেন্দ্রে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি মানবিক হেল্প ডেস্ক। এ উদ্যোগের আওতায় পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কলম, স্কেল, পানীয় শরবত এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। সকাল থেকেই ছাত্রশিবিরের স্বেচ্ছাসেবকরা পরিপাটি পোশাকে সংগঠনের ব্যানার টাঙিয়ে সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী বিতরণ করেন।
হেল্প ডেস্কের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, অর্থ সম্পাদক আবু আহমেদ, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সেক্রেটারি হিজবুল্লাহ, বাজিতপুর সরকারি কলেজ শাখার সভাপতি আলী হোসেন এবং সেক্রেটারি আরাফাত হোসেন।
জেলা সভাপতি হাসান আল মামুন বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। আমরা চাই, পরীক্ষার দিনে কেউ যেন ছোটখাটো জিনিসের জন্য দুশ্চিন্তায় না পড়ে। আমাদের এই সামাজিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ছাত্রশিবিরের এ মানবিক সহায়তায় পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে। অনেকে জানিয়েছেন, “কলম বা স্কেল ভুলে গেলে আজ আর দুশ্চিন্তা হয়নি। শরবত আর পানি পেয়ে স্বস্তি পেয়েছি। এই সহানুভূতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
অভিভাবকরাও ছাত্রশিবিরের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, “আজকাল ছাত্র সংগঠনগুলোর মধ্যে মানবিক কাজ দেখা যায় না। ছাত্রশিবিরের এই উদ্যোগ আমাদের ভালো লেগেছে।”
বাজিতপুর সরকারি কলেজ কর্তৃপক্ষও ছাত্রশিবিরের এ কার্যক্রমে সহযোগিতা করে। পরীক্ষার দিনগুলোতে এই হেল্প ডেস্ক চালু থাকবে বলে জানানো হয়।
এইচএসসি পরীক্ষাকে ঘিরে ছাত্রশিবিরের এ মানবিক আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এটি শুধু একটি স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নয়, বরং শিক্ষার্থীবান্ধব সমাজ গঠনে একটি উদাহরণ হয়ে থাকছে।
আপনার মতামত লিখুন :