Agaminews
Dr. Neem Hakim

ধামরাইয়ে আত্ তাকওয়া সদকায়ে জারিয়াহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন /
ধামরাইয়ে আত্ তাকওয়া সদকায়ে জারিয়াহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ বজলুর রহমান
পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজে অবদান রাখতে ধামরাই উপজেলার সূয়াপুরে “আত্ তাকওয়া সদকায়ে জারিয়াহ ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফাউন্ডেশনটি মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কাষ্ঠল, ফলজ, ছায়াদানকারী, শোভাদানকারী এবং ঔষধি বৃক্ষ রোপণ কার্যক্রম চালিয়ে আসছে। কর্মসূচির তৃতীয় পর্যায়ে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে রৌহা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে কাঠবাদাম, কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বৃক্ষ সরবরাহ করা হলেও শর্ত থাকে যে—গাছগুলোর পূর্ণ যত্ন নেওয়ার সক্ষমতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের থাকতে হবে। আজকের কর্মসূচি সম্পন্নের পর ফাউন্ডেশনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, আগামী দিনে পরকালের সওয়াব ও জনকল্যাণের উদ্দেশ্যে আরও অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও বিদেশের যেকোনো ব্যক্তি ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। তবে সদস্যদের অবশ্যই হালাল উপার্জন থাকতে হবে এবং সেই উপার্জন থেকে প্রতিদিন অন্তত ১ টাকা সদকার উদ্দেশ্যে জমা দেওয়ার যোগ্যতা থাকতে হবে।

বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায়: আত্ তাকওয়া সদকায়ে জারিয়াহ ফাউন্ডেশন। সূয়াপুর, ডাকঘর- সূয়াপুর-১৮২০, উপজেলা- ধামরাই, জেলা- ঢাকা।