
মো. বজলুর রহমান
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকোড়া জমিদার বাড়ি থেকে ধানকোড়া বাজার পর্যন্ত প্রায় ১.২ কিলোমিটার রাস্তার বেহালদশায় এলাকাবাসী মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ধানকোড়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। বাজার থেকে মাত্র ১.২ কিলোমিটার দূরেই রয়েছে ধানকোড়া ইউনিয়ন ভূমি অফিস ও ঐতিহাসিক বাবু হেমচন্দ্র রায় জমিদার বাড়ি, যা প্রতিদিন শত শত দর্শনার্থীর আগমন ঘটে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ইটসোলিং করা এই সড়কটি এখন কার্যত অচল অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, রাস্তার করুণ দশার কারণে খাদ্যশস্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস তো দূরের কথা—প্রবাসীদের আনা গাড়ি বা বিবাহযাত্রীর গাড়িও এই পথে চলাচল করতে পারে না। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। সরকার চাইলে এটিকে একটি আদর্শ সড়ক হিসেবে গড়ে তুলতে পারে।”
এলাকার প্রবীণরা ধারণা করছেন, বহু পুরনো এই জমিদার বাড়ির রাস্তা একসময় আরও প্রশস্ত ছিল। কিন্তু সময়ের সাথে তা সংকীর্ণ হয়ে এখন অবহেলার শিকার হয়েছে।
এ বিষয়ে ধানকোড়া ভূমি অফিসের ভূমি সহকারী মোঃ শহিদুল্লাহ বলেন, “সরকারি এ সড়কের দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে আমার সুনির্দিষ্ট ধারণা নেই। তবে প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে যে দুর্ভোগের শিকার হতে হয়, তার সাক্ষী আমি নিজেও। এলাকাবাসীর পক্ষে আমিও চাই অতি দ্রুত এই সড়ক সংস্কার করা হোক।
আপনার মতামত লিখুন :