ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার আরও একটি হালনাগাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে খুলনা ও রাজশাহী অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার পাশাপাশি রাজশাহী ও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের বাকি অংশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল পর্যন্ত এবং সেখান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অন্যদিকে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া আগামী শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *