Agaminews
Dr. Neem Hakim

টেকসই বাঁধ নির্মাণে ৮ দাবি: ফেনীতে পাউবো অভিমুখে সাধারণ মানুষের পদযাত্রা


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন /
টেকসই বাঁধ নির্মাণে ৮ দাবি: ফেনীতে পাউবো অভিমুখে সাধারণ মানুষের পদযাত্রা

আব্দুল্লাহ আল মামুন, ফেনী
ফুলগাছি পরশুরাম ১২২ কিলোমিটার বেড়ি বাঁধ প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী অফিস অভিমুখে পদযাত্রার করেছে ফেনীর সর্বস্তরের জনগণ। আজ বুধবার (২৩ জুলাই) সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে সকাল ১১টায় শেষ হয়। পরে ৮ দফা দাবি সম্মিলিত লিফলেট পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের হাতে তুলে দেন আয়োজকরা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জোরালো জনমত গড়ে তোলা হবে।
পাউবো অভিমুখে পদযাত্রা কর্মসূচির সংগঠক ওসমাণ গণি রাসেল বলেন, টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পাউবো ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলার স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ করেছে।
নিশাদ আদনান নামে আরেক সংগঠক বলেন, ফেনীর বিভিন্ন মহলে পদযাত্রা কর্মসূচি নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ একই সঙ্গে জনদুর্ভোগের কারণ যেন না হয় সেদিকটিও খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় ছিল।
আবদুর রহিম ফরহাদ নামে অপর এক সংগঠক বলেন, আমাদের কর্মসূচিটি সর্বাত্মক। ফেনীর প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও সাধারণ মানুষের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো দাবিগুলো হলো- টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎ সংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ ও ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।
এ সময় ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’, অ্যাকশন টু অ্যাকশন, ‘পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অ্যাকশন’, ‘ফেনীবাসী কী চায়, টেকসই বাঁধ চায়’, ‘ফেনী জেলার বাঁধ লই, চুদুর-বুদুর চলবে না’, ‘দুর্নীতিবাজের ঠিকানা, এ ফেনীতে হবে না’- এমন নানা প্রতিবাদী স্লোগান দেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে অংশ নিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, এগুলো সব যুক্তিসঙ্গত দাবি। আমরা ফেনীবাসী এসব ন্যায্য দাবির সঙ্গে একমত। অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে এই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডসহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।