Agaminews
Dr. Neem Hakim

ঝিটকা বাজারে হাইকোর্টের রায় অমান্য, অবৈধ হাটে চরম ক্ষোভ


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ৮:২২ অপরাহ্ন /
ঝিটকা বাজারে হাইকোর্টের রায় অমান্য, অবৈধ হাটে চরম ক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে সরকার নির্ধারিত স্থানে বহুদিন ধরে বৈধভাবে পেঁয়াজ-মরিচ হাট পরিচালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ওই হাট পাশ্ববর্তী ইউনিয়নের ব্যক্তিমালিকানাধীন জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে অবৈধভাবে চালু করেছে।
গত ১২ আগস্ট হাইকোর্ট এ বাজার বন্ধের নির্দেশ দিলেও সম্প্রতি তা পুনরায় সক্রিয় হওয়ায় পুরাতন বাজার কমিটি ও বৈধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করছেন, প্রশাসনের দুর্বল তদারকির সুযোগে এ হাট আবার চালু হয়েছে।
ঝিটকা বাজারের বৈধ ইজারাদার রাকিব হাসান বলেন, “আমি বাংলা ১৪৩২ সনের জন্য সরকারিভাবে ইজারা নিয়েছি। প্রতিবছর এখান থেকে ৪০-৫০ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়। অথচ অবৈধ হাট চালু থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে, আর ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।”
এ বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরাও জানান, সরকার কর্তৃক বরাদ্দকৃত দোকানগুলো জোরপূর্বক বন্ধ রাখা হচ্ছে। ফলে তারা বৈধ জায়গায় ব্যবসা করতে পারছেন না, আবার ক্রেতারাও বিভ্রান্ত হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী সমাজ মনে করছে, ঝিটকা বাজার শুধু একটি হাট নয়, এটি এ অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি। অবৈধ হাটের কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই চালাচ্ছেন।
বিশ্লেষকরা মনে করেন, সরকারি নীতিমালা ও হাইকোর্টের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে।
ব্যবসায়ী সমাজ দ্রুত জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে।