বিজনেস ফাইল প্রতিবেদক
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বর্তমান সময়ে রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো গুজব ও অপতথ্য প্রতিরোধ। তিনি মনে করেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তাদের আরও সক্রিয় ও দক্ষভাবে কাজ করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘তথ্য অধিদফতরের কার্যক্রমকে আরও দৃশ্যমান ও ফলপ্রসূ করা’— এই লক্ষ্যকে সামনে রেখে সভার আয়োজন করা হয়।
মাহবুবা ফারজানা বলেন, সরকারের তথ্য প্রচার কার্যক্রমের গতি বাড়াতে ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে জনসংযোগ কর্মকর্তাদের চিন্তা ও পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সামাজিকমাধ্যমে সরকারের কাজের দৃশ্যমানতা নিশ্চিত করাও এখন সময়ের দাবি। এজন্য তিনি মাল্টিমিডিয়া ব্যবহার করে জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও কনটেন্ট তৈরির নির্দেশনা দেন।
তিনি বলেন, সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো যেন দ্রুত জনগণের কাছে পৌঁছে যায়, সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত ও সঠিক তথ্য হালনাগাদ রাখা জরুরি।
তথ্য সচিব বলেন, আমরা দেখছি জনসংযোগ কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করছেন। কোনো মন্ত্রণালয় থেকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আসছে না, এটি একটি ভালো দিক।
জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে তথ্য অধিদফতরের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা প্রসঙ্গে সচিব বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে তথ্য মন্ত্রণালয় কাজ করবে। নির্বাচনসংক্রান্ত তথ্য প্রচারে নিরপেক্ষতা বজায় রাখা হবে অন্যতম অগ্রাধিকার।
সভায় উপস্থিত জনসংযোগ কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম বাস্তবায়নে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। জবাবে সচিব বলেন, এসব সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন।
মাহবুবা ফারজানা সভার শেষদিকে বলেন, জনগণ যেন সরকারের কাজ সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পায়, সেটিই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে সবাইকে পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।












Leave a Reply