গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় ফিলিস্তিনিরা খাবারের সন্ধানে মার্কিন-ইসরায়েলি কোম্পানির সাথে যুক্ত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনী জনতার দিকে তাজা গোলাবারুদ নিক্ষেপ করে, যার ফলে বিপুল সংখ্যক হতাহত হয় বলে জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল সমর্থিত আমেরিকান সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে সংশ্লিষ্ট অতি প্রয়োজনীয় মানবিক ত্রাণ পেতে গিয়ে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য প্রতিষ্ঠিত এনজিওকে পাশ কাটিয়ে মে মাসের শেষের দিকে গাজায় কার্যক্রম শুরু করে জিএইচএফ।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে এ পর্যন্ত প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণের ফলে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্যাভাব দেখা দিয়েছে এবং রোগের বিস্তার ঘটেছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।












Leave a Reply