Agaminews
Dr. Neem Hakim

গণবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন নার্সদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: ফরহাদ মজহার


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৫, ১১:২৫ অপরাহ্ন /
গণবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন নার্সদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা: ফরহাদ মজহার

বিজনেস ফাইল প্রতিবেদক
গণবান্ধব স্বাস্থ্যসেবা পরিষদ গড়ে তুলতে অবশ্যই নার্সদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফরহাদ মজহার। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) আয়োজিত ‘অপার সম্ভাবনার নার্সিং পেশা, বৈষম্য-প্রতিবন্ধকতা-হতাশা, সরকার ও প্রশাসনের দায় এবং সমাধানে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকালে আপনি দেখবেন ৬৭ শতাংশ অসংক্রামক রোগ। এটা ঠেকাতে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন- খাদ্য সম্পর্কে, চলাফেরা সম্পর্কে, পরিবেশকে সুন্দর রাখা, বিষ যেন না খায় ইত্যাদি। এসব পরামর্শ দেওয়া শেষ অবধি নার্সদেরই কাজ। তারাই এ স্বাস্থ্যকে রক্ষা করে।
নার্সিং ব্যবস্থাকে স্বাস্থ্যসেবার কেন্দ্রীয় বিষয়ে পরিণত করার দাবি জানিয়ে ফরহাদ মজহার বলেন, স্বাস্থ্য বলতে যে ডাক্তার বোঝায়, এটা ভুল চিন্তা। এটাও আসছে আধুনিককালে। যখন বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তৈরি হয়েছে, বড় বড় প্রাইভেট হাসপাতাল যখন তৈরি হয়েছে, তখনই তারা স্বাস্থ্য বলতে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন তৈরি করা, স্পেশালাইজড ডাক্তার, সেই ডাক্তার বিশেষ কোম্পানির প্রেসক্রিপশন লিখবে।

চিকিৎসকদের সমালোচনা করে তিনি বলেন, ডাক্তাররা কিন্তু ফেরেশতা না। এখনো বাংলাদেশের ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, তার অধিকাংশ কোম্পানি যেটা বলে ওটা।

বিএনএর মহাসচিব আসাদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম। সভায় নার্সিং পেশার সম্ভাবনা, বৈষম্য ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সাবেক পরিচালক জরিনা খাতুন।