Agaminews
Dr. Neem Hakim

খানাখন্দের কারনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন /
খানাখন্দের কারনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, যাত্রীদের ভোগান্তি

আতারাব্বী জুয়েল, সোনারগাঁ প্রতিনিধি
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রীজ ও কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট সড়কে খানাখন্দের কারনে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার ভোররাত থেকে উভয় সড়কে প্রায় ৮ কিলোমিটার তীর্ব যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে উভয় সড়কে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা।
জানাগেছে, মহাসড়কের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে কাঁচপুর থেকে টিপরদীর মল্লীকেরপাড়া পর্যন্ত এবং চট্রগ্রাম মুখি লেনে লাঙ্গলবন্দ ব্রীজ থেকে কাঁচপুর পর্যন্ত উভয় লেনে যানজট সৃষ্টি হয়ে শত শত যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে। অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁ অংশেও একই অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টি শুরু হলেই এসব সড়কে যানবাহন চলাচলের গতি কমে যাওয়ার কারনে এমন যানজটের সৃষ্টি হয়ে থাকে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, উভয় সড়কে খানাখন্দকের কারনে এই যানজটের সৃষ্টি হয়েছে। সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে ঢাকার উদ্দেশে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ফরিদ হোসেন বলেন, ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে কাঁচপুর অংশে আটকে ছিলাম। অনেক ভোগান্তির পর কোনোমতে আসতে পেরেছি। এখনোও উভয় পাশে যানজট আছে। এদিকে শহিদুল ইসলাম নামের আরেক যাত্রী জানান, রাস্তার উভয় লেনেই তীব্র যানজট। আমরা মোগরাপাড়া যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলাম, এখনোও কাঁচপুরে আটকে আছি।

এব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। আমি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ৩ দিন যাবত কথা বলে যাচ্ছি সংস্কারের জন্য। কিন্তু তাদের সাড়া পাচ্ছি না। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট হালকা হয়েছে কিন্তু ঢাকা-সিলেটে সড়কে এখনও যানজট রয়েছে। তবে হাইওয়ে পুলিশ সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।