জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, বরং অন্যায়ের বিচার চায়।’
আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বিএনপি চালিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখে। আমরা আশা করি, ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ডা. জাহিদ জানান, আগামী ২১ তারিখে পেশাজীবীদের সম্মানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় পরিস্থিতি খারাপ করে একটি পক্ষ লাভবান হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড, সবুজ কার্ড বা সাদা কার্ড দেখাবে। এগুলো কে বললো, তার কথায় জাতীয়তাবাদী দলের আদৌ আলোচনা করার কিছু আছে বলে প্রয়োজনবোধ করি না।
ডা. জাহিদ আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় অল বলেছেন, আমরা বলতে চাই আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছেন, ঐক্যবদ্ধ আছেন। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না।











Leave a Reply