Agaminews
Dr. Neem Hakim

কৃষ্ণপুরে সরকারি রাস্তা দখলে ভোগান্তিতে হাজারো মানুষ


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৯:২২ অপরাহ্ন /
কৃষ্ণপুরে সরকারি রাস্তা দখলে ভোগান্তিতে হাজারো মানুষ

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের প্রধান সড়ক আজ দখলদারদের থাবায় ধ্বংসের মুখে। প্রায় ১০০ থেকে ৮০ ফিট প্রশস্ত সরকারি এই গুরুত্বপূর্ণ সড়ক ও তার পাশের খাল জবরদখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি, স্থাপনা ও ব্যক্তিগত রাস্তা। ফলে কোটি টাকার সরকারি সড়কটি এখন ভেঙে নষ্ট হয়ে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী দখলদাররা পরিকল্পিতভাবে রাস্তার পাশের খাল ভরাট করে জলপ্রবাহ বন্ধ করেছে। যার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা টইটম্বুর হয়ে কাদা পানিতে নিমজ্জিত হয়। এ অবস্থায় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শত শত শিক্ষার্থী রাজিবপুর ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে যেতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। কাপড়-জুতা নষ্ট করে কষ্টে গন্তব্যে পৌঁছানোই এখন তাদের নিয়মিত অভিশাপ।
কৃষকরাও সমান ভোগান্তিতে পড়েছেন। বাজার থেকে সার-বীজ আনতে কিংবা কৃষিপণ্য ভ্যানে করে বাজারে নিতে এই সড়ক এখন প্রায় অচল হয়ে পড়েছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি টাকার সরকারি রাস্তা দখল করে গুটিকয়েক প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করছে, অথচ ভোগান্তির শিকার হচ্ছে হাজারো সাধারণ মানুষ। গ্রামের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থী থেকে শুরু করে কৃষকÑসবাই আজ এই দখলবাজির খেসারত দিচ্ছে।
কৃষ্ণপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ তাইজুউদ্দিন বলেন, “এ রাস্তা দিয়ে প্রতিদিন আমাকে রাজীবপুর বাজার ও ইউনিয়ন পরিষদে আসতে হয়। চর কৃষ্ণপুর সহ পূর্বাঞ্চলের সকল মানুষের যাতায়াতের রাস্তা এটা। এ প্রশস্ত রাস্তা কে সংকীর্ণ করায় জনগণের চরম ভোগান্তি হচ্ছে। অতি দ্রুত এর একটা সমাধান হওয়া উচিত।
এ বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, “আমি এখানে নতুন এসেছি। সরেজমিন ও নকশা যাচাই করে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ব্যবস্থা নেওয়া হবে।”
সচেতন মহলের দাবি, দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জরুরি ভিত্তিতে রাস্তা ও খাল দখলমুক্ত করতে হবে। নতুবা শিক্ষা, কৃষি ও জনজীবনে এর ভয়াবহ প্রভাব দীর্ঘমেয়াদে অপূরণীয় ক্ষতির কারণ হবে।