
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় আজ রোববার (১ জুন) আনুমানিক ১টার দিকে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও রহস্যময় ঘটনা। ধারণা করা হয় অজ্ঞান পার্টির সদস্যরা ছয়জন কর্মকর্তা-কর্মচারীকে অজ্ঞান করে ফেলে, যা এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ব্যাংক শাখার ইনচার্জ সৌমিক জামান খান জানান, “হঠাৎ করে একজন একজন করে আমরা মাথা ঘুরে পড়ে যেতে থাকি। পরে আর কিছু মনে নেই।”
অজ্ঞান হওয়া অন্যান্য ভুক্তভোগীরা হলেন – মোস্তাফিজুর রহমান, মেরিনা আক্তার, হোসনে আরা, সিয়াম ও কামাল হোসেন।
তাদের দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সকলকে বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফজলুল বাকী বলেন, “আমার চিকিৎসা জীবনে এরকম ঘটনা আগে দেখিনি। এটি বিষক্রিয়া, গ্যাস বা অন্য কোনও রহস্যজনক উপাদানের প্রভাব হতে পারে কি না তা চিকিৎসা শেষে বলা যাবে।”
এ ব্যাপারে মূল শাখার (বাজিতপুর) ব্যবস্থাপক সুকান্ত পাল বলেন, “আমি ঘটনা শোনার সাথে সাথে ব্যাংক তালাবদ্ধ করার নির্দেশ দিয়ে ঢাকা হেড অফিসে ইনফর্ম করেছি, ঢাকা থেকে তদন্ত টিম আসলে বিস্তারিত বলা যাবে। ”
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, “আমাদের টিম ঘটনাস্থলে অবস্থান করছে। তদন্ত চলমান, এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।”
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (অপরাধ বিভাগ) ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিমদের খোঁজ-খবর নেন।
এ ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :