
ইউক্রেনের কাছে থাকা ফ্রান্সের তৈরি একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্তের আগে পাইলট নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসেন।
বুধবার (২৩ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার ত্রুটির কারণে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। চলতি বছরের শুরুতে ইউক্রেন ফ্রান্সের কাছ থেকে মিরাজ জেট পাওয়া শুরু করে। এরপর থেকে এটিই প্রথম কোনো মিরাজ যুদ্ধবিমানের ক্ষতি।
ইউক্রেনের বিমানবাহিনী প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘উড়োজাহাজটিতে ত্রুটি টের পেয়ে সঙ্গে সঙ্গেই ফ্লাইট ডিরেক্টরকে তা অবগত করেন পাইলট। সংকটময় পরিস্থিতি অনুযায়ী যে পদক্ষেপ নেওয়ার কথা, সেটিই নিয়েছেন তিনি এবং নিরাপদে বেরিয়ে এসেছেন। তাকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা এবং পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি।’
এক ইঞ্জিনবিশিষ্ট এই বহুমুখী যুদ্ধবিমানটি ১৯৭০-এর দশকে ফরাসি বিমানবাহিনীতে যুক্ত হয়। নকশার দিক থেকে এটি মার্কিন এফ-১৬-এর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এর আগে ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ভারতের বহরে থাকা ফরাসি যুদ্ধবিমান রাফায়েল বিধ্বস্ত হয়। বিষয়টি শিকারও করে ফ্রান্স।
আপনার মতামত লিখুন :