
রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সব বাহিনী রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি কলেজের চত্বরে আছড়ে পড়ে। ঘটনার সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর একটা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট রাস্তায় আছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খান গণমাধ্যমকে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে ঘটনাস্থলে। উদ্ধার টিম এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :